ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় প্রবীণ বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু ও তাঁর পরিবারকে জড়িয়ে আওয়ামী লীগ নেতার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক পৌর প্যানেল মেয়র ইমদাদুল হক বাচ্চু জানান, ২০২১ সালে ভাঙ্গার গজারিয়া এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে মাসুদ রানা নামে একজন নিহত হন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই হত্যা মামলায় তাঁকে ও তাঁর পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়। গত ৫ মে কারামুক্ত যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ ও তাঁর মা হালিমা বেগম সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে যে তথ্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।
বিএনপি নেতা বাচ্চু মিয়া অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে তাঁকে ও তাঁর পরিবারকে হয়রানি করা হচ্ছে এবং তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট চালানো হয়েছে। তিনি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও হয়রানি বন্ধের দাবি জানান। ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মুন্সীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা