চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৮) রাস্তা থেকে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। অপহরণের চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের গুরুতর চিহ্ন পাওয়া গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অপহরণের এ ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে অবস্থান করছিলেন জিসান। এ সময় হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাসে এসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যার পর লাশ মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, “জিসানের লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে জিসানকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি। নির্দিষ্ট সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

এআইএল/সকালবেলা