হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতেই তাকে দেশে ফিরিয়ে আনা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি, ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। আমাদের দাবি থাকবে, দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই তিনি দেশে ফিরবেন, তবে তা কেবলই ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।”

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে শেখ হাসিনার রায় হয়ে গেছে। এখন বর্তমান সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে দ্রুত সেই রায় কার্যকর করা।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “শেখ হাসিনা কীভাবে আসবেন, কাদের নিয়ে আসবেন, তিনি আত্মসমর্পণ করবেন কি করবেন না—সেটি ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে। এখানে অন্য কোনো পক্ষের সুযোগ নেই। ফলে সরকারই ঠিক করবে তাকে কখন, কীভাবে আনা হবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করা হবে। তাকে আনার জন্য সব ধরনের আইনি প্রস্তুতি সম্পন্ন করতে হবে।”

বিরোধীদলীয় চিফ হুইপ মন্তব্য করেন, শেখ হাসিনার সিদ্ধান্ত এখন আর তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে তাকে যতটুকু অনুমতি দেওয়া হয়, তিনি সে অনুযায়ী কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কীভাবে আসবেন বা বিচার হবে কি না—এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করছে। তিনি বলেন, “শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই নয়।”

জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা সজাগ আছি।”

তিনি সরকারকে সতর্ক করে বলেন, “শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পাঁয়তারা বা প্রচেষ্টা হয়, আর সরকার যদি সেটাকে কোনোভাবে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকার নিজেই হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ, ৩০ হাজার আহত ও ১ হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্য—আমরা সবাই যেকোনো চক্রান্ত রুখে দিতে প্রস্তুত আছি।”

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটিই সঠিক ও যৌক্তিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে। এখন তা কার্যকর করার সময়। শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে কেবলমাত্র ফাঁসির দড়িতে ঝুলতেই ফিরবেন।

উক্ত অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বিভিন্ন স্তরের উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন