রিয়াজুল হত্যায় হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে শ্রমিক দল কর্মী রিয়াজুল তালুকদারকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ পলাতক ১৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন চৌধুরী চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক নজীব আহমেদ গত ১৯ আগস্ট আদালতে এ চার্জশিট জমা দেন। আগামী ৮ সেপ্টেম্বর চার্জশিট গ্রহণের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।
চার্জশিটভুক্ত অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক উপমন্ত্রী এ জে এম এনামুল হক, সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, ইকবাল হোসেন অপু এবং নাহিম রাজ্জাক।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে যাত্রাবাড়ী চার রাস্তার মোড়ে এক দফা দাবির মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি চালালে রিয়াজুল তালুকদার নিহত হন। পরবর্তী সময়ে ১২ সেপ্টেম্বর নিহতের ভাই রুবেল তালুকদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।
এআইএল/সকালবেলা