পাটওয়ারী আবারও আবোল তাবোল বকা শুরু করেছে : রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে সাম্প্রতিক ফোনালাপ নিয়ে অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
আজ শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে উক্ত ফোনালাপ ও বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
ফেসবুক পোস্টে মো. রাশেদ খাঁন উল্লেখ করেন, “গতকাল (বৃহস্পতিবার) বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে ফোন করে বলল, আমি যাতে তার বিরুদ্ধে আর কোনো কথা না বলি; তাহলে সেও আমার বিরুদ্ধে কথা বলবে না। উত্তরে আমি তাকে স্পষ্ট জানিয়ে দিই—তুমি যদি মাননীয় প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী, কন্যা ও সরকারের মন্ত্রীদের নিয়ে অপ্রাসঙ্গিক ও বাজে বক্তব্য দেওয়া বন্ধ করো, তবে আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব। এর জবাবে সে দাবি করে, সে আজই মিডিয়াতে এ বিষয়ে বলেছে এবং সামনে আর এসব করবে না।”
স্ট্যাটাসে রাতের ফোনালাপের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “এরপর রাতে সে আমাকে পুনরায় কল দিয়ে বলল—‘আপনি তো আমার বিরুদ্ধে পোস্ট করেছেন, আমি কিন্তু এখন সব কথা হাটে হাঁড়ি ভেঙে দিব। আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ টাকা করে নিয়ে যেতেন, আমি সেসব মিডিয়ায় ফাঁস করব।’ জবাবে আমি তাকে সরাসরি বলি—তোমার কাছে যা তথ্য আছে, সব নির্দ্বিধায় ফাঁস করে দাও।”
অর্থনৈতিক লেনদেন ও ফ্ল্যাট কেনার অভিযোগ খণ্ডন করে রাশেদ খাঁন লেখেন, “এরপর সে হুমকি দিয়ে বলল—‘আপনি ঢাকায় ফ্ল্যাট কিনেছেন, আমার কাছে সব ডকুমেন্টস আছে। এসব আইনি ঝামেলা থেকে বাঁচার জন্যই আপনি বিএনপিতে গিয়ে যোগ দিয়েছেন।’ আমি সাফ জানিয়ে দিই—আমার কোনো ফ্ল্যাট নেই। আর আজ পর্যন্ত কোনোদিন নাহিদ বা আসিফের কাছ থেকে আমি ১টি টাকাও গ্রহণ করিনি। তোমার কাছে আমার সংক্রান্ত যা যা কাল্পনিক তথ্য আছে, সব জাতির সামনে প্রকাশ করে দাও।”
পোস্টের শেষভাগে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, “যাইহোক, গতকাল যখন তার প্রথম কল পাই, তখন ভেবেছিলাম ছেলেটি হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এবং তাকে সংশোধনের একটি সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম সে আমাকে দেওয়া কথা পুরোপুরি ভুলে গেছে এবং আবারও প্রকাশ্যে আবোল তাবোল বকা শুরু করেছে...।”
|