দেশে কাউকে আগ্রাসন চালাতে দেওয়া হবে না: জামায়াত আমীর
নেত্রকোণা প্রতিনিধি: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। তিনি বলেছেন, "দেশের এক ইঞ্চি ভূমির ওপরও কাউকে কোনো ধরণের আগ্রাসন চালাতে দেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও সার্বভৌমত্বের রক্ষায় আমরা এক ইঞ্চি মাটিও ছাড় দেব না।"
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোণা সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, "দেশের সীমান্ত রক্ষার জন্য আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োজিত রয়েছে। তবে কোনো কারণে যদি দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তখন শুধু বিজিবি একাই নয়—দেশের প্রতিটি নাগরিক খাঁটি দেশপ্রেম বুকে নিয়ে সীমান্তে গিয়ে দাঁড়াবে। সেদিন বিজিবি থাকবে অস্ত্র হাতে, আর দেশের সাধারণ জনগণ থাকবে অতন্দ্র প্রহরী হয়ে।"
ড. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা, সীমান্ত সুরক্ষা এবং জাতীয় স্বার্থ রক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
নেত্রকোণা জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা এবং জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মো. শাহাবুদ্দিন। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|