নারীদের আলাদা বাস: উদ্যোগকে স্বাগত জানালেন ইমরানুল বারী সিরাজী
নিজস্ব প্রতিবেদক: নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কওমি পরিষদের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী। একই সঙ্গে নারীর নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষায় পরিবহন, শিক্ষা ও কর্মক্ষেত্রসহ সর্বস্তরে আরও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুফতি ইমরানুল বারী সিরাজী এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর সিদ্ধান্তটি অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়। এই কল্যাণকর পদক্ষেপ বাস্তবায়নের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি।"
তিনি আরও বলেন, রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা বা সমালোচনা থাকতে পারে; তবে জনকল্যাণমুখী ও ইতিবাচক যেকোনো পদক্ষেপকে দল-মত নির্বিশেষে সমর্থন জানানোই দায়িত্বশীল নাগরিক ও আলেম সমাজের পরিচয়।
খতিব মুফতি সিরাজী আশাবাদ ব্যক্ত করে বলেন, কেবল গণপরিবহন নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রসহ বিভিন্ন খাতে নারীদের নিরাপত্তা ও সামাজিক নৈতিক শৃঙ্খলা রক্ষায় এমন সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে নারীদের যাতায়াতের এই বিশেষ সুবিধা দেশের অন্যান্য রুটগুলোতেও দ্রুত সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
এআইএল/সকালবেলা
|