জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: চলমান জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানা মহলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই চলমান বিতর্কের সুষ্ঠু সমাধান হবে বলে গভীর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কারের কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী দেশের প্রধান বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে গঠনমূলক ভূমিকা রাখারও জোর আহবান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জুলাই আন্দোলন দেশের মানুষের সামনে যে নতুন রাষ্ট্র গঠনের এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে, যেকোনো মূল্যে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের নিজেদের ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে যে, আমরা একটি ন্যায় এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারবো।’ তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতার বাইরে থাকাকালীন বা বিভিন্ন সময়ে বিএনপি দেশের জনগণের সামনে যে রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, বর্তমান সরকার অত্যন্ত নিষ্ঠার সাথে সেগুলো বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক আন্দোলনে শহীদ হওয়া গণমাধ্যমকর্মীদের অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। মন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো পক্ষের অপপ্রচার বা বিভ্রান্তি যেন নতুন বাংলাদেশ বিনির্মাণের এই ঐতিহাসিক যাত্রাকে ব্যাহত করতে না পারে, সে জন্য দেশের সচেতন নাগরিকদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
|