গণঅভ্যুত্থানের পরও মেলেনি আকাঙ্ক্ষার বাংলাদেশ: মান্না

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
গণঅভ্যুত্থানের পরও মেলেনি আকাঙ্ক্ষার বাংলাদেশ: মান্না

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আক্ষেপ করে বলেছেন, এত বড় ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরও দেশের সাধারণ মানুষ সন্তোষজনক অবস্থায় নেই এবং জনগণের কাঙ্ক্ষিত সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো মেলেনি।

সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বীরত্বের কথা স্মরণ করে মাহমুদুর রহমান মান্না বলেন, “উদ্ধত বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার এমন নজিরবিহীন ইতিহাস পৃথিবীতে সত্যিই বিরল। কিন্তু আজ আমাদের প্রশ্ন করতে হচ্ছে—যে বীরেরা লড়াইয়ের মাঠে নিজেদের জীবন বাজি রাখল, তাদের স্বপ্নের বাংলাদেশ কি আমরা শেষ পর্যন্ত পেয়েছি? আজ পুরো পাশা উল্টে গেছে, জনগণ মোটেও ভালো নেই।”

স্মরণসভায় সম্প্রতি ঘোষিত ৯ লাখ কোটি টাকারও বেশি অঙ্কের বিশাল বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাজেটের পাতায় পাতায় সুন্দর সুন্দর কথার চানাচুর ছড়িয়ে মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, যার পেছনে কোনো বাস্তব গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। যে সরকার ঠিকমতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কিংবা নতুন ঘোষিত বেতন স্কেলের অর্থ সংস্থান করতে হিমশিম খাচ্ছে, তারা এই বিশাল বাজেটের বিপুল অর্থ কোত্থেকে সংগ্রহ করবে?

তিনি নীতিনির্ধারকদের সতর্ক করে দিয়ে বলেন, অর্থনীতিকে পুরোপুরি উপেক্ষা করে যারা কেবল রাজনীতি করতে চায়, তারা দেশকে কখনো সামনে এগিয়ে নিতে পারবে না। সস্তা জনতুষ্টির পথ পরিহার করে জনগণের কল্যাণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ না নিলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আগামীতে চরম সংকটে পড়বে।

একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে দীর্ঘদিনের আন্দোলনের সহযাত্রী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম সাধারণ অ্যাজেন্ডার ভিত্তিতে দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না।

মন্তব্য করুন