আগামীর রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই: খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক: বর্তমান ও আগামীর রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অতীব গুরুত্বপূর্ণ এবং তাঁর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, "ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।"
শনিবার (১৬ মে) কুমিল্লার দাউদকান্দি সদরে উপজেলা প্রশাসন আয়োজিত দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করার পর দাউদকান্দি অংশ থেকে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ লাইভে ওই অনুষ্ঠানে যুক্ত হন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উন্নয়ন দর্শনের কথা স্মরণ করে ড. মোশাররফ বলেন, "শহীদ জিয়া যেমনিভাবে উৎপাদন ও ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং দেশনেত্রী খালেদা জিয়া সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করে গণতন্ত্র সুসংহত করেছিলেন; তাদের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানও বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবেন, যা বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখবে।"
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অসহায়, দুস্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন। আজ দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ৫৮৭ জন দুস্থ মহিলা ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছেন। এছাড়া কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার প্রবর্তিত ‘খাল খনন কর্মসূচি’ আবারো চালু করায় কৃষকের মুখে হাসি ফুটেছে। দেশের মানুষ এখন তারেক রহমানকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখছেন।
দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ উল্লেখ করে প্রবীণ এই নেতা বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে দেশ ও জনগণের জন্য কাজ করে। এবারও ক্ষমতায় এসে সরকার যেসব গণমুখী কর্মকাণ্ড হাতে নিয়েছে, মানুষ ইতোমধ্যে তার সুফল পেতে শুরু করেছেন।
দাউদকান্দি উপজেলা প্রশাসনের এই অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া এবং পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।