শ্রীপুরে জুলাই হত্যা মামলার আসামি আ: লীগ নেতা গ্রেপ্তার
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টনকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত মুসফিকুর রহমান মিল্টন শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের মকর্দ্দোমখোলা গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে। তিনি সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন (২২)। তিনি শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত মিল্টন এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি।
মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফরহাদ হোসেন হত্যা মামলার আসামি মুসফিকুর রহমান মিল্টনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|