স্বামীসহ কারাগারে সেই শান্তা ফারজানা
সকালবেলা প্রতিবেদক: রাজধানীর শাহবাগে ‘জুলাইযোদ্ধা’ ও এসডিএএফের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াসসহ একাধিক ব্যক্তির ওপর হামলার অভিযোগে গ্রেপ্তারকৃত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুব সংগঠন এসডিএএফের সহ-সভাপতি শান্তা ফারজানা এবং তাঁর স্বামী মোমেন মেহেদীসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে তাঁদের জেলহাজতে প্রেরণের এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী।
কারাগারে পাঠানো অপর আসামিরা হলেন সংগঠনটির সহ-সভাপতি ডা. নুরজাহান নীরা (৪০), যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান (৪৭), সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল (৪০) ও হরি সরকার (৩৬)।
মামলা সূত্রে জানা গেছে, শাহবাগ থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে জেলহাজতে আটক রাখার আবেদন জানান। আদালত শুনানি শেষে চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শান্তা ফারজানা ও মোমেন মেহেদীর পক্ষে একাধিক আইনজীবী থাকায় ঢাকা আইনজীবী সমিতির নিয়ম অনুযায়ী পরবর্তীতে তাঁদের জামিন শুনানি অনুষ্ঠিত হবে। আসামিদের বিরুদ্ধে কোনো রিমান্ডের আবেদন না থাকায় তাঁদের মূল এজলাসে হাজির করা হয়নি।
মামলার এজাহার অনুযায়ী, বাবুল সরদার নামের এক ব্যক্তি বাদী হয়ে ওই ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৭টার দিকে প্রেস ক্লাবের সামনে আসামিরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করেছিলেন।
এআইএল/সকালবেলা
|