জুলাই হত্যা মামলায় যুবলীগ নেতা সোবহান ৫ দিনের রিমান্ডে

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
জুলাই হত্যা মামলায় যুবলীগ নেতা সোবহান ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আল আমিন হত্যা মামলায় উত্তরা থানা যুবলীগের সহসভাপতি ও ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান কাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা ওয়ারী বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সোবহান কাজী ঘটনার বিষয়ে এবং পলাতক অন্যান্য সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। ঘটনার সাথে জড়িত অন্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আল আমিন খলিফা ঘটনাস্থলেই নিহত হন এবং অনেকেই আহত হন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকার একটি ফ্ল্যাট থেকে আব্দুস সোবহান কাজীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি, দুটি আইফোন এবং তার নামে ইস্যু করা পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন