বেরোবিতে সংঘর্ষের পর এক মঞ্চে শিবির ও ছাত্রদল

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ
বেরোবিতে সংঘর্ষের পর এক মঞ্চে শিবির ও ছাত্রদল

সকালবেলা অনলাইন: টানা দুই দিনের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পাল্টাপাল্টি কর্মসূচির টানটান উত্তেজনার পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভিন্ন চিত্র দেখা গেছে। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে অংশ নিয়েছেন শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শীর্ষ নেতাসহ কর্মীরা।

বুধবার (৫ আগস্ট) সকাল থেকেই দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা একাত্ম হয়ে এতে অংশ নেন।

বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় বের হওয়া আনন্দ শোভাযাত্রাটি প্রধান ফটক থেকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর ও মডার্ন মোড় প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে এসে শেষ হয়। এরপর শহীদদের স্মরণে উপাচার্যের উপস্থিতিতে যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন শিবির ও ছাত্রদলের সভাপতিরা।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর রাকিব মুরাদ জানান, ছাত্রদলের কোনো কর্মসূচিতে তাঁরা কখনো বাধা দেননি এবং ক্যাম্পাসে একটি সহাবস্থান ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার বিষয়ে তাঁরা আশাবাদী।

অন্যদিকে, বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, জুলাইয়ের চেতনায় শিবির ও ছাত্রদলের মধ্যে কোনো দ্বিমত নেই। সব মতভেদ ও বিশৃঙ্খলা ভুলে ফ্যাসিবাদকে রুখতে এবং নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শৌকাত আলী বলেন, "আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, বেরোবির তরুণরা আজকে একসাথে কর্মসূচি পালন করে আবারও সেই সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করল।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন