বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. আব্দুল মঈন খান

বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. আব্দুল মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপি কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসনে আস্থাশীল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের অফিস খোলা এবং দলটির নেতাদের দেশে ফেরা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, “বিএনপির দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। ১৯৭১ সালের কালরাত্রে যখন পাকিস্তানি বাহিনী নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন শহীদ জিয়াউর রহমান বিদ্রোহের ঝাণ্ডা উড়িয়েছিলেন। আমরা সেই আদর্শে বিশ্বাসী। আওয়ামী লীগ বাংলাদেশের ওপর একদলীয় বাকশাল ও জগদ্দল পাথরের মতো শাসন চাপিয়ে দিয়েছিল, কিন্তু বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি এবং প্রতিহিংসায় বিশ্বাস করি না। তবে আমরা আইনের শাসনে বিশ্বাসী। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্র ফিরে এসেছে, তা রক্ষা করতে বিএনপি বদ্ধপরিকর।”

এদিন নরসিংদী জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে মাজারে শ্রদ্ধা জানান মঈন খান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন। নেতৃবৃন্দ শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করেন।

মন্তব্য করুন