ইসির কাছে জামায়াতের ৯ দাবি
সকালবেলা অনলাইন: চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) ৯ দফা দাবি ও পরামর্শ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত ছয় সদস্যের এক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা ৯টি সুনির্দিষ্ট দাবি পেশ করেছেন। তবে আলোচনা চলাকালে বেশ কিছু বিষয়ে কমিশনের অসহায়ত্ব পরিলক্ষিত হয়েছে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। কমিশন কোনো বিশেষ দলীয় সরকারের চাপের মুখে কাজ করছে কি না—এমন প্রশ্নও তোলেন তিনি।
উত্থাপিত দাবিগুলোর বিষয়ে তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জোর দাবি জানানো হয়েছে; তা না হলে বৈষম্যের সৃষ্টি হবে এবং নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো দলের বর্তমান পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং প্রশাসকের দায়িত্বে থাকা ব্যক্তিদের আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বিরত রাখার দাবি জানানো হয়।
ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমের প্রসঙ্গে তিনি বলেন, “তিনি ইতিপূর্বে একটি দলের সাব-কমিটিতে ছিলেন, যা আইনের পরিপন্থী। তিনি পদে বহাল থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।” একই সঙ্গে মন্ত্রী ও এমপিরা যাতে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে না পারেন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জোটগত নির্বাচনের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট করেন, জামায়াত কোনো প্রার্থীকে দলীয় মনোনয়ন দেবে না এবং জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নেবে না। অন্যান্য শরিক দল প্রার্থী দিলে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, ইসি তাদের উত্থাপিত যুক্তিযুক্ত দাবিগুলো মেনে নেবে।
এআইএল/সকালবেলা