মুস্তাফা মনোয়ারের ইন্তেকালে জামায়াত আমিরের গভীর শোক
অনলাইন ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (২৯ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি এই সমবেদনা জানান।
শোক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মুস্তাফা মনোয়ার। বিশেষ করে চিত্রকলা, পুতুলনাট্য (পাপেট্রি) এবং টেলিভিশন ও রেডিওতে শিশুতোষ সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে তাঁর অনন্য ও কিংবদন্তিতুল্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি তাঁর আজীবনের সৃজনশীল কর্মের মাধ্যমে এ দেশের সংস্কৃতিকে বিশ্বদরবারে সমৃদ্ধ ও সমাদৃত করেছেন।”
তিনি আরও উল্লেখ করেন, মুস্তাফা মনোয়ারের অবর্তমানে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি ও বিশাল শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
বিবৃতিতে জামায়াত আমির মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অনুসারী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর পরিবারবর্গকে এই কঠিন শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
|