আ.লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: এ দেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীকে একা মাঠে ফেলে রেখে বিদেশে পালিয়ে যায়, এ দেশে পুনরায় রাজনীতি করার কোনো নৈতিক অধিকার তাদের নেই।
আজ সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত এক পদযাত্রা ও বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক নিয়ে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক কারণে আমাদের নিজেদের মধ্যে আদর্শিক মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগকে প্রতিহত করার ব্যাপারে দেশের সব শক্তি আজ সম্পূর্ণ ঐক্যবদ্ধ।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা এখনো পদোন্নতির আশায় নেতাকর্মীদের মারধর ও হয়রানি করছে। পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করা জরুরি। তিনি আরও বলেন, দেশে এখনও এক ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা বিদ্যমান। সাধারণ মানুষ যখন দেশে চিকিৎসা নেয়, তখন কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করে। যুবসমাজকে কাজে লাগিয়ে একটি বেকারমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আগামী বাজেটে সুনির্দিষ্ট দাবি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
চৌদ্দগ্রামকে সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং বলেন, যারা মাদক ব্যবসা করে তারা দেশ ও জাতির শত্রু। মাদক চোরাচালানের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।