বিএনপির জাতীয় কাউন্সিল ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
বিএনপির জাতীয় কাউন্সিল ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা

দীর্ঘ এক দশকের বিরতি কাটিয়ে অবশেষে জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে, বিশেষ করে বিজয়ের মাস  ডিসেম্বরেদলের সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে কাজ করছে দলটি।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর কাউন্সিল হওয়ার কথা থাকলেও গত ১০ বছরে তা সম্ভব হয়নি। তবে বর্তমানে দল পুনর্গঠন এবং আগামী রাজনৈতিক কৌশল নির্ধারণে কাউন্সিলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত একটি বিশেষ মতবিনিময় সভায় কাউন্সিলের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ দিনব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সারাদেশের জেলা ও মহানগরের শীর্ষ নেতারা অংশ নেবেন। সভায় কাউন্সিল ছাড়াও স্থানীয় সরকার নির্বাচন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড (যেমন: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড) জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, এই সভাটি সাংগঠনিক তৎপরতার একটি অংশ। সংশ্লিষ্ট সূত্র মতে, এই সভার পর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হতে পারে। মূলত তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতৃত্বকে আরও শক্তিশালী করতেই এই কাউন্সিল ও সভার আয়োজন করা হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন