নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐতিহাসিক ফারাক্কা দিবস যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে। তিনি অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের অদূরদর্শিতার কারণেই এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে।
আগামীকাল ১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে শুক্রবার (১৫ মে) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজ থেকে ৪৯ বছর আগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে লাখো জনতা গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিল। এটি বাংলাদেশের জাতীয় আন্দোলনের একটি তাৎপর্যময় দিন।
বিএনপি মহাসচিব তাঁর বাণীতে উল্লেখ করেন, ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য আজ চরম সংকটে। তৎকালীন সরকার পরীক্ষামূলকভাবে এই বাঁধ চালুর অনুমতি দিলেও এটি এখন বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে ভারত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার করছে। এটি বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। ১৯৭৬ সালের সেই সাহসী পদযাত্রা আজও আমাদের অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণা জোগায়। তিনি ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।