জ্যেষ্ঠ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেছেন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করতে চান। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নিশিতা তাঁর রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে বলেন, "বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। দেশের ২০২৬ সালের এই নির্বাচনটি সাধারণ আর আট-দশটি নির্বাচনের মতো নয়। গণতন্ত্র ফিরিয়ে আনার এই দীর্ঘ লড়াইয়ে আমাদের অনেক সহযোদ্ধাকে গুম ও খুনের শিকার হতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হওয়ায় আমাকেও জেল খাটতে হয়েছে।"
দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর বর্তমানে দেশে বাকস্বাধীনতা ও আইনের শাসনের নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়েছে। তবে এই স্বাধীনতার চর্চা যেন যৌক্তিক ও শালীন হয়, সেদিকে সবার লক্ষ্য রাখা উচিত বলে তিনি মন্তব্য করেন। রাজপথের সক্রিয় এই নেত্রী আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সংসদের ভেতর ও বাইরে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
জান্নাত/সকালবেলা