এনসিপিতে যোগ দিলেন আরও ৩ শতাধিক নেতাকর্মী
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের জোয়ার অব্যাহত রয়েছে। শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর উত্তরে বিভিন্ন দল ও পেশার আরও ৩ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। নতুন যোগদানকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মী ছাড়াও রয়েছেন চাকুরিজীবী, উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়ী এবং চাকরিপ্রত্যাশী যুবক।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতারা জানান, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এই ধারাবাহিক যোগদান এনসিপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করছে।
যোগদান অনুষ্ঠানে আরও জানানো হয়, খুব শীঘ্রই উত্তরার সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইং ‘জাতীয় শ্রমিক শক্তি’তে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। সাধারণ মানুষের অধিকার আদায়ের অঙ্গীকার এবং নতুন ধারার রাজনীতির আহ্বানে সাড়া দিয়েই এই গণযোগদান কর্মসূচি চলছে বলে দাবি করেন সংগঠনটির নেতারা।
জান্নাত/সকালবেলা