নিজস্ব প্রতিবেদক: ছয় দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই সফরে তিনি একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দেবেন।
গতকাল বুধবার দিবাগত রাত ২টায় তিনি মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরের প্রধান অংশ হিসেবে আগামী শুক্রবার মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’ আয়োজিত একটি সেমিনারে অংশ নেবেন মিয়া গোলাম পরওয়ার। সেখানে তিনি ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ: অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
আঞ্চলিক এই সম্মেলনে যোগদান ও বিভিন্ন কর্মসূচি শেষ করে আগামী ২০ মে সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।