কুমিল্লা নামেই দ্রুত বিভাগ চাই: জামায়াত আমির

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
কুমিল্লা নামেই দ্রুত বিভাগ চাই: জামায়াত আমির

সকালবেলা অনলাইন: দীর্ঘদিনের দাবি উপেক্ষা না করে ‘কুমিল্লা’ নামেই দ্রুত বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লায় আয়োজিত এক লংমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ ঘোষণার পরপরই কুমিল্লাকে বিভাগ করার দাবি ওঠে। দীর্ঘ তিন দশক ধরে এ অঞ্চলের মানুষ রাজপথে আন্দোলন করে আসছে। সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের বাড়ি কুমিল্লায় হওয়ার অজুহাতে এই জনপদকে অবহেলা বা বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কুমিল্লাবাসীর আবেগ ও পরিচয়কে সম্মান জানিয়ে অবিলম্বে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে দেশের বিদ্যমান দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থনৈতিক সংকটের কড়া সমালোচনা করে জামায়াত আমির বলেন, এসব জনদুর্ভোগ ও ফ্যসিবাদের অবসান ঘটাতে তাঁরা ছয় দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন। জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথের আন্দোলন চলবে বলে তিনি ঘোষণা দেন।

একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজস্ব এলাকা দিয়ে মাদকের অবাধ প্রবেশ ঘটলেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপি সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতের নায়েবে আমির ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন