আওয়ামী প্রতিমন্ত্রী মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ণ
আওয়ামী প্রতিমন্ত্রী মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তির নির্দেশ

বিশেষ প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার জন্য বহুল প্রচারিত জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। একই মামলায় ডা. মুরাদ হাসানসহ অপর এক আসামীকেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী থাকাকালে ডা. মুরাদ হাসান একটি অনলাইন ইউটিউব চ্যানেল ও ফেসবুক লাইভ টকশোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে দেওয়া এই বক্তব্যের কারণে তারেক রহমান ও তাঁর পরিবারের প্রায় ১০ হাজার কোটি টাকার ওপর আর্থিক ও সামাজিক মানহানি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এই ঘটনার জেরে জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও প্রাক্তন ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে সরিষাবাড়ী আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় ডা. মুরাদ হাসানের পাশাপাশি ওই টকশোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদকে দ্বিতীয় আসামী করা হয়।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মনিরুজ্জামান জানান, পূর্বে আদালত সমন জারি করা সত্ত্বেও আসামীরা আদালতে হাজির না হয়ে আত্মগোপনে থাকেন। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। কিন্তু আসামীরা প্রতিনিয়ত পলাতক থাকায় তাঁদের আদালতে উপস্থিত হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারক। এরপরও তারা অনুপস্থিত থাকলে তাঁদের অগোচরেই মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন