২০ বছর পর নতুন সাজে সৈয়দপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়
মোঃ মাইনুল হক (নীলফামারী প্রতিনিধি): দীর্ঘ দুই দশক (২০ বছর) পর নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইউনিয়ন কার্যালয় সংস্কার ও নতুন রূপ প্রদান করা হয়েছে। দীর্ঘ সময় পর এই দলীয় কার্যালয়টির নতুন সাজে পুনর্যাত্রার ফলে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দারুণ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কামারপুকুর ইউনিয়ন ও সৈয়দপুর উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কার্যালয় প্রাঙ্গণে জমায়েত হন।
সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘ ২০ বছর পর কামারপুকুর ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়টি নতুন করে সংস্কার করা সম্ভব হয়েছে। অতীতের নানা রাজনৈতিক প্রতিকূলতার কারণে এতদিন কার্যালয়ের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম ব্যাহত হলেও এই সংস্করণের মাধ্যমে তৃণমূল বিএনপি নতুন উদ্যমে ঘুরে দাঁড়াবে।
কামারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মুকুল বলেন, "ইউনিয়ন বিএনপির কার্যালয়টি নতুন সাজে সজ্জিত হওয়ায় ইউনিয়নের তরুণ ও তৃণমূল কর্মীদের মাঝে আনন্দ ও প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। এখন থেকে নিয়মিত দলীয় রাজনৈতিক আলোচনা, সামাজিক কর্মকাণ্ড পরিচালনা এবং দলীয় ঐক্য জোরদারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সৈয়দপুর উপজেলা কৃষকদলের সভাপতি মনির সরকার বলেন, "কামারপুকুর বাজারস্থ এই বিএনপির ইউনিয়ন কার্যালয়কে কেন্দ্র করে স্থানীয় সব অঙ্গ ও সহযোগী সংগঠন সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সর্বদা সোচ্চার থাকবে।"
অনুষ্ঠানে কামারপুকুর ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা