ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির তীব্র নিন্দা

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ণ
ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির তীব্র নিন্দা
অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব (ফাইল ছবি)।

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের দেশ ইতালির ঐতিহ্যবাহী ভেনিস শহরে অবস্থানকালে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব লেখেন, “ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

হামলার তীব্র সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন, “একজন নারী তথা জুলাইয়ের আন্দোলনের সক্রিয় যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা আবারও প্রমাণ করে যে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের মধ্যে অতীতে সংঘটিত কোনো অপকর্মের সামান্যতম অনুশোচনাও তৈরি হয়নি। ফলে এই সন্ত্রাসীদের প্রতি আমাদের মনেও কখনো কোনো ধরনের সহানুভূতি জাগ্রত হবে না।”

বিবৃতির শেষে ছাত্রদল সভাপতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে জানান, এ ধরনের হামলাকারী ও ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর হাতে দমন করা হবে এবং চব্বিশের ঐতিহাসিক জুলাই গণহত্যার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন