ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দলের আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, যাদের সংসদে কথা বলার দক্ষতা ও সমাজে সুনাম আছে, তাদেরই সংরক্ষিত নারী আসনে দল বাছাই করবে।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী আহমেদ জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য শুক্রবার প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। আজ শনিবারও সকাল ১০টা থেকে ফরম বিতরণ করা হচ্ছে। গতকাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া আগামীকাল রোববার (১২ এপ্রিল) পর্যন্ত চলবে।
তিনি বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে তাদের সংসদ সদস্যদের বাছাই করে, এবারও সেই পদ্ধতি অবলম্বন করা হবে। আবেদনগুলো দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ডে যাবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
দীর্ঘ ১৬-১৭ বছরের দুঃসহ পরিস্থিতি কাটিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াইয়ের কথা স্মরণ করে রিজভী বলেন, গণতান্ত্রিক চর্চার যে পরিবেশ পাওয়া গেছে, তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। দেশের প্রতিটি স্তরের জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবেন এবং একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে।
বিগত আন্দোলনে নারীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক নারী কর্মী ফেসবুক বা সামাজিক মাধ্যমে স্বাধীন মতামত প্রকাশ করায় গভীর রাতে গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের এই ত্যাগ ও রাজপথের সক্রিয় ভূমিকা মনোনয়ন প্রক্রিয়ায় বিশেষভাবে বিবেচনা করা হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ