উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) দুপুর ১২টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকা ছেড়েছে। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস।

এর আগে মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, আজ সকাল ৯টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকায় অবতরণ করে। গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শনিবার সকালে পুনরায় সিটি স্ক্যান করা হলে পরীক্ষার ফলাফল সন্তোষজনক পাওয়া যায়।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শুক্রবার তিনি সশরীরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ-খবর নেন। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন ও দ্রুত আরোগ্য কামনা করেছেন। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন