ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মির্জা আব্বাসকে লাঞ্ছনার বিচার না হলে বিএনপির পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি বলেন, এক মির্জা আব্বাসের মাধ্যমে বিএনপিকে হেয় করা হচ্ছে এবং পুরো বিএনপির রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাসকে নিয়ে দীর্ঘদিন ধরে, বিশেষ করে জুলাই-আগস্ট বিপ্লবের পর একটি বিশেষ শ্রেণি আলাদা একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। একটি মানুষকে জীবন্ত কবর দেওয়ার জন্য এবং পচিয়ে ফেলার জন্য যে ধরনের প্রপাগান্ডা দরকার, খুব সুক্ষ্মভাবে সেই কাজগুলো এই ভদ্রলোকের ওপর করা হচ্ছে।
তিনি বলেন, মির্জা আব্বাসের ছেলের বয়সের চেয়ে অনেক ছোট নাসীরুদ্দীন পাটওয়ারী। সেই নাসীরুদ্দীন পাটওয়ারী উঠতে-বসতে তার লোকজনসহ তাকে যেভাবে অপমান ও গালাগাল করছেন, তা কোনো অবস্থাতেই ভদ্র সমাজে শোভনীয় নয়। যে দেশে বিচার ব্যবস্থা ও বিবেক আছে, সেখানে একজন প্রবীণ রাজনীতিবিদকে এভাবে জনসমক্ষে হেয় করা সমর্থনযোগ্য নয়।
এই কলামিস্ট আরও বলেন, বিষয়টির সামাজিক প্রতিরোধ ও রাষ্ট্রীয় বিচার দরকার। মির্জা আব্বাসকে পচিয়ে দেওয়ার মাধ্যমে মূলত তারেক রহমান ও তাঁর পরিবারকে টার্গেট করা হচ্ছে। যারা মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে গালি দিচ্ছে, তারাই তারেক রহমান বা সালাউদ্দিন সাহেবদের নিয়ে বাজে কথা বলছে। এভাবে সমাজ চলতে পারে না।
গোলাম মাওলা রনি আরও বলেন, বিএনপি এখন সরকার চালাচ্ছে। দলটির একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, যিনি ৫০ বছরের বেশি সময় ধরে রাজনীতি করছেন, তাকে জীবন সায়াহ্নে এসে যেভাবে পচানো হচ্ছে, তাতে বিএনপির অনেক কিছু করণীয় আছে। বিএনপি যদি এর সুরাহা করতে না পারে, তবে তারা ক্ষমতায় থাকতে পারবে না এবং তারেক রহমান বা মির্জা ফখরুল সাহেবদেরও রক্ষা করতে পারবে না।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ