ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী ১২ এপ্রিল পর্যন্ত এই ফরম বিতরণ করা হবে। প্রতিটি ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা এবং জামানত হিসেবে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফরম সংগ্রহের জন্য সকাল থেকেই সারা দেশ থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও সমর্থক কার্যালয়ে ভিড় জমান।
উদ্বোধনকালে রিজভী আহমেদ বলেন, বিগত দিনের রাজপথের ত্যাগ, অবদান এবং সংসদে জোরালো ভূমিকা রাখার যোগ্যতা বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। তিনি উল্লেখ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত রাখাই বিএনপির মূল অঙ্গীকার। এ সময় তিনি যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দেন এবং দলের চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে মেনে নেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী আগামী ১২ মে ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে সংরক্ষিত নারী আসন ৫০টি। এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ