ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে একই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামীম আহমেদ এই রিট আবেদনটি দায়ের করেন।
রিট আবেদনে দাবি করা হয়েছে, মো. নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশের সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব থাকলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য। এই অভিযোগে তাঁর প্রার্থিতা স্থগিত করার পাশাপাশি রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
মজার বিষয় হলো, এর আগে এই আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তাঁর প্রার্থিতা বাতিলের রিট করেছিলেন খোদ নাহিদ ইসলাম। তবে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট সেই রিটটি খারিজ করে দেন এবং কাইয়ুমের প্রার্থিতা বৈধ রাখেন। এবার ভোটের মাত্র তিন দিন আগে শামীম আহমেদের এই রিট নাহিদ ইসলামের জন্য নতুন আইনি চ্যালেঞ্জ তৈরি করল।
রাজধানীর গুলশান, বাড্ডা ও ভাটারা এলাকার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১১ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন।
নির্বাচনী মাঠে এম এ কাইয়ুম (বিএনপি) ও নাহিদ ইসলামের (এনসিপি) মধ্যে মূল লড়াইয়ের আভাস পাওয়া গেলেও জাতীয় পার্টির শামীম আহমেদসহ অন্যান্য প্রার্থীদের তৎপরতাও তুঙ্গে। আইনি লড়াইয়ের এই ফলাফল ঢাকা-১১ আসনের ভোটের সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ