১০ লাখ টাকা ঋণ ও ‘প্রবাসী কার্ডের’ ঘোষণা তারেক রহমানের

১০ লাখ টাকা ঋণ ও ‘প্রবাসী কার্ডের’ ঘোষণা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বনানী ও ধানমন্ডি এলাকায় নির্বাচনী পথসভা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক দুটি সভায় তিনি প্রবাসী, তরুণ ও নারীদের জন্য দলের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন।

বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে আয়োজিত পথসভায় তারেক রহমান বলেন, “বিদেশে কাজের সন্ধানে যেতে ইচ্ছুক তরুণদের জন্য বিএনপি সরকার ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে। আমরা চাই না কেউ জমিজমা বিক্রি করে বা সর্বস্ব হারিয়ে বিদেশে যাক। এছাড়া প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে তাদের তথ্য ও সুরক্ষা নিশ্চিত হবে।”

 নারীদের অগ্রযাত্রা ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব উল্লেখ করে তারেক রহমান বলেন, “বিএনপি প্রান্তিক পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতে চায়। আমাদের পরিকল্পনায় রয়েছে প্রতিটি নিম্ন আয়ের পরিবারের একজন নারীর নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা, যার মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হবে।”

নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে তারেক রহমান নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “মানুষ যেন নিশ্চিন্তে ব্যবসা করতে পারে এবং ঘরে নিরাপদে ঘুমাতে পারে—তেমন একটি বাসযোগ্য নগরী আমরা গড়ে তুলব। বিএনপি বরাবরই মানুষের পাশে ছিল এবং আগামীর রাষ্ট্র সংস্কারেও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।”

বনানীর সভা শেষে তিনি ধানমন্ডির কলাবাগান ক্রীড়া চক্র মাঠে ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবির পক্ষে প্রচারণায় অংশ নেন। সেখানে তিনি রবির হাতে ধানের শীষ তুলে দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। তারেক রহমান স্মরণ করিয়ে দেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই কৃষক, তরুণ ও নারীদের নিয়ে সুস্পষ্ট ও আধুনিক কর্মপরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, আজ রাজধানীর মোট ৮টি স্থানে তারেক রহমানের পথসভা করার কথা রয়েছে, যা নির্বাচনী প্রচারণার শেষ সময়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন