ঈদের পর বিএনপির অঙ্গসংগঠনে বড় রদবদল

ঈদের পর বিএনপির অঙ্গসংগঠনে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের পর বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। দীর্ঘ প্রতীক্ষিত এই রদবদলে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনগুলোর নেতৃত্বে আমূল পরিবর্তন আসতে পারে বলে দলীয় উচ্চপর্যায় থেকে জানা গেছে। মূলত ‘এক নেতা এক পদ’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন এবং ত্যাগী ও তরুণ নেতৃত্বকে সামনে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, অনেক নেতা বর্তমানে সরকারের মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় পদেও বহাল রয়েছেন। সংগঠনের গতিশীলতা বজায় রাখতে তাদের জায়গায় নতুনদের স্থলাভিষিক্ত করা হবে। ইতোমধ্যে অঙ্গসংগঠনগুলোর খসড়া তালিকা দলটির হাইকমান্ডের কাছে পৌঁছানো হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় যোগ্য ও পরিশ্রমী নেতাদের বাছাই করা হচ্ছে। বিশেষ করে গত জুলাই বিপ্লবে রাজপথে সক্রিয় থাকা এবং দীর্ঘ সময় কারাভোগকারী সাবেক ছাত্রনেতাদের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে প্রাধান্য দেওয়া হতে পারে।

দলীয় নীতিনির্ধারকরা বলছেন, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দলকে আরও সুসংগঠিত করা এখন সময়ের দাবি। আগামী কয়েক মাসের মধ্যেই যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি এবং স্বেচ্ছাসেবক দলের নতুন শীর্ষ নেতৃত্বের ঘোষণা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। এছাড়া তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে কঠোর অবস্থানে গেছে কেন্দ্র। ঈদের আমেজ কাটলেই এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে, যা দলের আগামীর রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন