শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ণ
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
পুরোনো ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, দেশটির দাভাও অক্সিডেন্টালের সারাঙ্গানির নিকটবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫২ দশমিক ৪ কিলোমিটার গভীরে। আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা বেশি থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, চলতি মাসের ৮ জুন মিন্দানাওয়ের সারাঙ্গানি প্রদেশের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার আরও একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই দুর্যোগে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও অন্তত ৭৮ জন নিহত এবং প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।

ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অত্যন্ত সংবেদনশীল ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। এই টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে দেশটি বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত এবং এখানে ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

মন্তব্য করুন