ভয়াবহ দুর্ঘটনার শিকার গাড়ি, প্রাণে বাঁচলেন হেফাজত আমির
বিশেষ সংবাদদাতা: চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাটে এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস। এই ঘটনায় গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আমিরে হেফাজতসহ তাঁর সফরসঙ্গীরা অলৌকিকভাবে অক্ষত ও নিরাপদ রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী যাওয়ার পথে বারইয়ারহাট পৌঁছালে আমিরকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী দ্রুতগতির একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা কারও কোনো শারীরিক আঘাত লাগেনি।
ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে ফেনীর মহিপালে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি আপস-মীমাংসা করা হয়।
ফেনী জেলা হেফাজতে ইসলামের সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে নিরাপদে অন্য একটি গাড়িতে করে তাঁর গন্তব্য নোয়াখালীর উদ্দেশে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা