ডাল ও তৈলবীজ উৎপাদন প্রকল্পে বড় সাফল্য
প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ
অনক আলী হোসেন শাহিদী: বাংলাদেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বাস্তবায়িত “ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প” একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে স্বীকৃত। ২০১৫ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত এই প্রকল্পটি পরিকল্পিত ব্যবস্থাপনা, দক্ষ নেতৃত্ব এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে।
প্রকল্পটির মোট বরাদ্দ ছিল ১৭৪ কোটি ৬৪ লক্ষ ১৪ হাজার টাকা, যার মধ্যে প্রশাসনিক ও রাজস্ব খাতে ব্যয় হয়েছে ১৪৩ কোটি ৮৭ লক্ষ ৫৫ হাজার টাকা এবং উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় হয়েছে ২৯ কোটি ৯১ লক্ষ ১৪ হাজার টাকা। সীমিত উন্নয়ন ব্যয় সত্ত্বেও প্রকল্পটি বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ কর্মপরিকল্পনার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে, যা এর কার্যকারিতা ও দক্ষ ব্যবস্থাপনার প্রমাণ বহন করে।
এই প্রকল্পের আওতায় চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে মোট ১৭,৫০০ মেট্রিক টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন করা হয়। এর মধ্যে ডালজাতীয় বীজ ১০,৪৯৯ মেট্রিক টন এবং তৈলবীজ ৭,০০১ মেট্রিক টন। উৎপাদিত এই বীজ দেশের বিভিন্ন অঞ্চলে সময়মতো সরবরাহ করা হয় এবং উল্লেখযোগ্যভাবে কোনো বীজ অবিক্রিত থাকেনি—যা প্রকল্পের সফল বিপণন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
এই গুণগত মানসম্পন্ন বীজ ব্যবহার করে প্রায় ২১ লক্ষাধিক একর জমিতে চাষাবাদ সম্ভব হয়েছে, যার ফলে মোট ১২ লক্ষ ৫২ হাজার ৫৮১ মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়। এর আনুমানিক বাজার মূল্য দাঁড়ায় ১২২ কোটি ৭৩ লক্ষ টাকারও বেশি। তবে উন্নতমানের বীজ ব্যবহারের কারণে ফলন গড়ে ১৫-২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত উৎপাদন হয়েছে প্রায় ১৮ লক্ষ ৭ হাজার ৮৮৭ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ১৮৪১ কোটি ৬ লক্ষ টাকা—যা সরাসরি জাতীয় অর্থনীতিতে যুক্ত হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে নেতৃত্বের ধারাবাহিকতা ছিল প্রশংসনীয়। প্রথম পর্যায়ে প্রকল্প পরিচালক হিসেবে মোঃ জসিম উদ্দিন প্রায় ৭০ শতাংশ কাজ সফলভাবে সম্পন্ন করেন। পরবর্তীতে আবুল খায়ের মোহাম্মদ নূরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করে অবশিষ্ট ৩০ শতাংশ কাজ দক্ষতা, সততা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করেন।
প্রকল্পের সফল সমাপ্তিতে আবুল খায়ের মোহাম্মদ নূরুল ইসলাম-এর নেতৃত্ব একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হয়। তিনি দায়িত্ব গ্রহণের পর প্রকল্পের সকল কার্যক্রমকে সুসংগঠিত করেন, সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করেন এবং কোনো প্রকার অভিযোগ ছাড়াই বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। ২০২০ সালের ৩০ জুন প্রকল্প সমাপ্তির পর যথাসময়ে পিসিআর জমা প্রদান তার প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহিতার প্রতিফলন। তার পরিকল্পিত ব্যবস্থাপনা ও দায়িত্বশীল নেতৃত্ব প্রকল্পটিকে একটি সফল পরিণতির দিকে নিয়ে যায়।
উল্লেখ্য, প্রকল্প-পরবর্তী সময়েও তিনি বিএডিসিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তার পেশাগত দক্ষতার ধারাবাহিকতা বজায় রেখেছেন। বর্তমানে অতিরিক্ত মহাব্যবস্থাপক হিসেবে তিনি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন, যেখানে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন অব্যাহত রয়েছে।
সার্বিকভাবে বলা যায়, “ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প” বাংলাদেশের কৃষি খাতে একটি সফল ও অনুসরণযোগ্য মডেল। এটি শুধু উৎপাদন বৃদ্ধি নয়, বরং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের আয় বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখার মাধ্যমে একটি কার্যকর উন্নয়ন উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।