সরকার কচুপাতার পানি না, নড়লেও পড়ে না: জয়নুল আবদিন ফারুক
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বিরোধী নেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে জয়নুল আবদিন ফারুক বলেছেন, “খবরের কাগজে দেখলাম কোনো এক দলের নেতা বলছেন—খুব অল্প সময়ের মধ্যেই এই সরকারকে টেনে নামিয়ে বিদায় করে দেবেন। কিন্তু তারা মনে হয় ভুলে গেছেন, এই সরকার কচুপাতার পানি না যে একটু নড়লেই নিচে পড়ে যাবে।”
আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সেনবাগ উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এক সুধী ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বিএনপির শক্ত রাজনৈতিক ভিত্তি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “এটি অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক দল। এটি মহান স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল, এটি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল—যিনি শত জেল-জুলুম সহ্য করেও অন্যায়ের কাছে মাথা নত করেননি।”
রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, “আপনারা খালি রাজপথে ফাঁকা হুমকি দেবেন আর আমরা ঘরে হাত গুটিয়ে বসে থাকব—তা হবে না। আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। যারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আজ অপপ্রচার চালাচ্ছে ও আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলছে, তাদের স্পষ্ট বলতে চাই—জুলাই-আগস্টের ওই ঐতিহাসিক অভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ ১৭ বছরের নিরবচ্ছিন্ন রাজপথের সংগ্রামেরই চূড়ান্ত ফসল। যে আন্দোলনকে আমার নেতা তারেক রহমান সরাসরি সমর্থন ও স্বীকৃতি দিয়েছেন।”
তিনি আরও যোগ করেন, “তরুণ সমাজের নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের সময় এখন এসেছে। অতীতে এক স্বৈরাচারী লুটেরা সরকারের কারণে আমরা তা পারি নাই, তবে এবার সফল হবই। কারণ দেশে এবার এক সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, কোনো রাতের ভোট কিংবা চুরি-চামারি হয়নি। মনে রাখবেন, কেবল এমপি বানিয়ে পাঠালেই দায়িত্ব শেষ নয়, সামনে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন আসছে। আগে যেমন ভোটকেন্দ্রে না গিয়েও জালিয়াতি করে চেয়ারম্যান হওয়া যেত, এবার আর তার সুযোগ থাকবে না।”
অনুষ্ঠানে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা তুলে দেওয়া হয়।
|