যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

আব্দুল্লাহ আল মামুন, যশোর: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা আরও আধুনিক ও সহজলভ্য করতে যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃহৎ প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই হাসপাতালটি নির্মিত হলে অত্র অঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর রাজধানীমুখী হতে হবে না, যা সময় ও খরচ উভয়ই সাশ্রয় করবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত এই হাসপাতালে থাকবে বিশেষায়িত বিভাগ, উন্নত জরুরি ইউনিট, আইসিইউ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র। ধাপে ধাপে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পে সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, "দেশের স্বাস্থ্যখাতকে বিশ্বমানে উন্নীত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। যশোরের এই ৫০০ শয্যার হাসপাতালটি হবে দক্ষিণবঙ্গের স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান কেন্দ্র।"

যশোরের স্থানীয় বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে হাসপাতালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা।

এ.আই.এল/সকালবেলা