এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে: পানিসম্পদমন্ত্রী
জাতীয় প্রধান: বর্তমানে সাধারণ মানুষ নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করলেও নির্দিষ্ট সময় অতিক্রমের পর কাজের সুনির্দিষ্ট জবাবদিহিতা চাইবে বলে সতর্ক মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আজ শুক্রবার (২৪ ২৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এক সুধী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, "আমরা সরকার গঠনের পর ইতিমধ্যে ৫ মাস পার হয়েছে। যখন এক থেকে দেড় বছর অতিবাহিত হবে, তখন দেশের মানুষ স্বাভাবিকভাবেই আমাদের কাছে ওয়াদা ও কাজের হিসাব কিংবা জবাবদিহিতা আশা করবে। এখন অবশ্য সাধারণ মানুষ আমাদের কোনো কঠিন প্রশ্ন বা জবাবদিহি করছে না, বরং কাজগুলো সুন্দরভাবে শুরু করার স্বার্থে উনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন। তবে সময়ের চাকা ঘুরতে বেশি সময় লাগে না।"
উন্নয়ন ও প্রতিশ্রুতির বাস্তবায়নের বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, "আমরা সবাই প্রত্যাশা করেছিলাম—যেকোনো সরকারই ক্ষমতায় থাকুক না কেন, জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি সবসময় যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। জাতীয় নির্বাচনের মাত্র এক মাসের মাথায় আমরা জনগণের কাছে দেওয়া ওয়াদা রক্ষা করে বাস্তবভিত্তিক কাজ শুরু করতে পেরেছি। অনেকেই বলতে পারেন এটি তো অনেক আগের প্ল্যান বা চিন্তাভাবনা ছিল। কিন্তু শুধু কাগজে-কলমে প্ল্যান কিংবা স্বপ্ন তো অনেকেরই থাকে, মূল বিষয় হলো বাস্তবায়নটা ঠিক কোথায় আটকে রয়েছে তা শনাক্ত করে কাজগুলোকে দৃশ্যমান রূপ প্রদান করা। লক্ষ্মীপুরের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নিজেও অত্যন্ত আন্তরিকতা প্রকাশ করেছেন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউছুফ, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি এবং রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
|