মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা পানিসম্পদমন্ত্রীর
অনলাইন ডেস্ক: দেশে মাদকের ভয়াল থাবা ও বিস্তার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ আয়োজিত এক আলোচনা সভা ও সামাজিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। সেখানে তিনি অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে তাঁদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। বক্তব্যকালে পানিসম্পদমন্ত্রী বলেন, "মাদক এবং অন্য যেকোনো ধরনের অপকর্ম করে সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালালে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এ্যানি বলেন, একটি রাজনৈতিক দল বর্তমানে সমাজে ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকার তাগিদ দেন তিনি। বিরোধী দলগুলোর ভূমিকা সমালোচনা করে তিনি বলেন, "সুন্দর সুন্দর কথা বললেই কিন্তু প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন হয়ে যায় না। সত্যিকারের রাজপথের বিরোধী দল হতে হলে মাঠপর্যায়ে জনগণের পাশে দাঁড়াতে হয়।"
তিনি ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন যে, সরকার দেশের সার্বিক অবকাঠামো ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু বিরোধী পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে সরকারকে অসহযোগিতা করে চলেছে। বিগত ১৭ বছরের ত্যাগ ও তিতিক্ষার কথা স্মরণ করে মন্ত্রী আবেগময় কণ্ঠে বলেন, "১৭ বছর ধরে আমরা অনেক কিছু হারিয়েছি, আর কোনো কিছু হারাতে চাই না। অগণিত মানুষের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে আজ এই নতুন দেশ আমরা পেয়েছি। তাই একটি সুন্দর, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।"
সকালবেলা / নুসরাত