চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ণ
চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় শ্যামলী এনআর পরিবহনের একটি দূরপাল্লার বাস ও সবজিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (২৫)। তাঁরা দুজনই সবজিবাহী পিকআপের আরোহী ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা সবজিবোঝাই একটি পিকআপ (চট্টমেট্রো-ন-১১-৮৪৫১) নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-২০৭৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে দুই আরোহী অত্যন্ত গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সংজ্ঞাহীন ও গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, নিহতদের মাথাসহ শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা