সোনারগাঁওয়ে তিনদিনের যৌথ অভিযানে ৬৮ জন গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে তিনদিনের যৌথ অভিযানে ৬৮ জন গ্রেপ্তার

মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে নিষিদ্ধ ইয়াবা ও গাঁজাসহ দুর্ধর্ষ ডাকাত, মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি এবং রাজনৈতিক মামলার আসামিদের জালে তোলা হয়।

বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার (২৩ অক্টোবর) টানা ৭২ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে একাধিক চৌকস টিম এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সোনারগাঁওয়ের বিভিন্ন সম্ভাব্য স্থান, ভাসমান এলাকা এবং চিহ্নিত সন্ত্রাসীদের গোপন আস্তানায় একযোগে ব্লক রেড দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয় মোঃ আব্দুল্লাহ (১৯), মোঃ ইমন (১৯), মোঃ লিটন (৩৫), মোঃ ইয়াছিন (২২), মোঃ জোবায়ের (২২), মোঃ ইব্রাহীম (২১), রিফাত (২০), হাসান সরকার (৩২), ফজলুল রহমান (৪২), মোহর আলী গাজী (২৬), সুমন (৩৮), নিশাত (১৮), মোঃ তায়িন (২২), মোঃ মুন্না (২৭), মোঃ সিয়াম (২৬), মোঃ ফাহিম (১৯) ও মোঃ রুবেল হোসেনকে (৩৩)। এছাড়া বুধ ও বৃহস্পতিবার আরও ২৮ জন গ্রেপ্তার হয়।

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন আলিনুর (৩০), আলাউদ্দিন (৪২) ও ফারুক (৩৮)। ফৌজদারী কার্যবিধিতে গাজী ইফরান (২০) ও জাহাঙ্গীর হোসেন (৩৩) এবং নিয়মিত মামলায় মোঃ মিজানকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন ইয়াসিন বেপারী, রিফাত, রাহাত, মোঃ রাসেল, বিল্লাল গাজী, মোসাঃ সাবিনা, আলামিন ও মোসাঃ রেহেনা বেগম।

সন্ত্রাস বিরোধী আইনে সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল হাসান রিয়াদকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় জামপুর ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃত অন্য দুর্ধর্ষ ডাকাতেরা হলেন—টেংগারচর গ্রামের লিমন (৩০), মোঃ সুমন (২০) এবং দামোদরদী গ্রামের মোঃ বাবু (৩৪)।

জুয়া আইনে গ্রেপ্তার হয়েছেন আবু সিদ্দিক (৪৫), হযরত আলী (৫৫) ও মোঃ সামসুল হক (৪২)। এ ছাড়া চুরির অপরাধে মোঃ ফরহাদকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত ৬৮ আসামির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে সোনারগাঁওয়ে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা