সরকারিভাবে নতুন পাটকল নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ণ
সরকারিভাবে নতুন পাটকল নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী
সংসদে বক্তব্য দিচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দেশে সরকারি উদ্যোগে নতুন করে কোনো পাটকল স্থাপন করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সোনালি আঁশের এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকারের বর্তমান কৌশল সম্পূর্ণভাবে বেসরকারি খাত নির্ভর। এই খাতে ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাই এখন মূল লক্ষ্য।

আজ সোমবার (১৫ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সংসদে পাটমন্ত্রী জানান, পাটের ফলন ও মান বাড়াতে সরকার বর্তমানে ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ’ শীর্ষক একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে, যার মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। তবে এই ধারাবাহিকতা বজায় রাখতে পরবর্তীতে রাজস্ব বাজেটের আওতায় একই ধরনের কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত মিলগুলোর সর্বশেষ অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) অধীনে থাকা ২৫টি পাটকল ২০২০ সালের ১ জুলাই সরকারি সিদ্ধান্তে বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে এর মধ্য থেকে ২০টি মিল বেসরকারি ইজারার (লিজ) মাধ্যমে পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও জানান, ইতিমধ্যে ১৪টি মিলের ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ৯টি মিল বর্তমানে পুরোদমে উৎপাদনে রয়েছে। বাকি মিলগুলোর ইজারা প্রক্রিয়া এখন বিভিন্ন ধাপে চলমান। আশা করা যাচ্ছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এই মিলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় বাণিজ্যিক উৎপাদনে ফিরতে পারবে। তবে সিটি কর্পোরেশন এলাকা ও আইনি জটিলতা থাকার কারণে বাকি ৫টি মিল ইজারা প্রক্রিয়ার বাইরে রয়েছে বলে সংসদকে অবহিত করেন মন্ত্রী।

মন্তব্য করুন