ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জ: মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে উন্নয়ন ও জনগণের সেবা প্রাপ্তি সহজ করতে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র চালু করা হবে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী তিন বছরের মধ্যে সব উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া চিকিৎসাসেবা গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ে নতুন করে ৪২ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাঈনুল ইসলাম খান এবং মানিকগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশিদ খান।
এআইএল/সকালবেলা