টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ৫টি চিঠি দিয়েছিল ইউনিসেফ
আজ বুধবার (২০ মে) দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এই তথ্য জানান।
তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়প্রক্রিয়ার প্রচলিত পদ্ধতিতে হঠাৎ পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি, যার খেসারত দিতে হচ্ছে শিশুদের। তবে সরকারি উদ্যোগে ১ কোটি ৮০ লাখের বেশি শিশুকে হামের টিকা দেওয়া সম্ভব হয়েছে। দেশে চলতি বছর হামে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে এবং ইতোমধ্যেই ৪৭৫ জন শিশু মারা গেছে, যা গত আড়াই দশকের মধ্যে সর্বোচ্চ। অথচ ২০২৫ সালে পুরো দেশে হামের রোগী ছিল মাত্র ১৩২ জন।
রানা ফ্লাওয়ার্স বলেন, হামে এত শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং এই সংকট ও মৃত্যুর ঘটনা তদন্তে বর্তমান সরকারের উদ্যোগকে ইউনিসেফ স্বাগত জানায়। তিনি উল্লেখ করেন, সরকার চাইলে উন্মুক্ত টেন্ডারে টিকা কিনতে পারে, তবে সেই প্রক্রিয়ায় প্রায় এক বছর সময় লেগে যায়। অন্যদিকে ইউনিসেফের মাধ্যমে অনেক দ্রুত ও নিরাপদে টিকার মজুত নিশ্চিত করা সম্ভব। গত জানুয়ারি মাস থেকে শুরু হওয়া এই ভয়াবহ পরিস্থিতির পেছনে অন্তর্বর্তী সরকারের সময়ে টিকাদানে গাফিলতি ও সঠিক সময়ে সিদ্ধান্তহীনতাই মূল কারণ বলে মনে করছেন স্বাস্থ্য বিশ্লেষকেরা।