শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ

অনলাইন ডেস্ক: বাংলাদেশে সম্প্রতি শিশুদের ওপর ঘটে যাওয়া নির্মম সহিংসতার খবরে গভীর ক্ষোভ ও স্তম্ভিত প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, ‘শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে!’ সংস্থাটি ভুক্তভোগী সব পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

গতকাল শুক্রবার (২২ মে) দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ছেলে ও মেয়ে শিশুদের ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটেছে। অথচ যেসব জায়গায় তাদের সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল, সেখানেই তারা এসব সহিংসতার শিকার হয়েছে। চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্মম ও যৌন সহিংসতার খবর যেভাবে বাড়ছে, তা দেশব্যাপী শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধব্যবস্থা জোরদার করার জরুরি প্রয়োজনীয়তা সামনে এনেছে।

ইউনিসেফ জোর দিয়ে বলেছে, অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে। সেই সঙ্গে প্রতিরোধ, অভিযোগ দায়ের, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং সামাজিক সেবার ঘাটতিগুলো দ্রুত দূর করতে হবে। নারী ও শিশুদের জন্য মানসিক সহায়তার পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, পাড়া-মহল্লা ও শিশুযত্ন কেন্দ্রে জবাবদিহি আরও বাড়ানো প্রয়োজন।

বিবৃতিতে সর্বসাধারণ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে, যেন তারা ভুক্তভোগী ও তাঁদের পরিবারের অধিকারের প্রতি সম্মান দেখান। নির্যাতনের শিকার নারী ও শিশুদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একধরনের নতুন নির্যাতন, যা তাঁদের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেয়। তাই এসব শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সংস্থাটি মনে করে, সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। তাই যেকোনো নির্যাতন বা সহিংসতার বিরুদ্ধে মুখ খোলার আহ্বান জানিয়ে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে, যা তাৎক্ষণিক সহায়তা দিয়ে থাকে।