১ আগস্ট থেকে শিশুদের টাইফয়েডের টিকা (টিসিভি) দেবে সরকার
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
জাতীয় ডেস্ক : দেশের শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ও শক্তিশালী সুরক্ষা নিশ্চিত করতে এক বড় ঘোষণা দিয়েছে সরকার। জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এবার স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলো থেকে ১৫ মাস বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এক ডোজ ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন’ (টিসিভি) অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে এই টিকাদান কার্যক্রম শুরু হবে।এ লক্ষ্যে মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি, লক্ষ্যমাত্রা নির্ধারণ ও সফল বাস্তবায়নের সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দেশের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে বিশেষ সরকারি চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শাখা থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, গত ২০২৫ সালে দেশব্যাপী জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোতে জাতীয় টিকাদান কারিগরি পরামর্শক কমিটির (NITAG) বিশেষ সুপারিশ এবং আন্তঃসংস্থা সমন্বয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতেই এটিকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারি নির্দেশনা অনুযায়ী, ১৫ মাস বয়সী সব শিশুকে ইপিআইয়ের নিয়মিত স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এক ডোজ টিসিভি (TCV) প্রদান করা হবে। সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো, একই সেশনে শিশুর ১৫ মাস বয়সে দেওয়া ‘এমআর-২’ (হাম ও রুবেলা দ্বিতীয় ডোজ) টিকার সঙ্গেই এই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন একযোগে একই দিনে দেওয়া যাবে।এই টিকাদান কর্মসূচিকে শতভাগ নিখুঁত করতে ডিজিটাল প্রযুক্তির ওপর জোর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় মাঠকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্যমাত্রাভুক্ত শিশু শনাক্ত, টিকার চাহিদা নির্ধারণ এবং নির্ধারিত সেশনে টিকাদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের ‘ভ্যাক্স : ইপিআই’ (Vax-EPI) অ্যাপে নিবন্ধন, ডিজিটাল টিকা কার্ড ডাউনলোড এবং টিকা প্রদানের পর ‘স্মার্ট হেলথ্ বিডি/ই ট্র্যাকার’ অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য হালনাগাদ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুদের এই টিকাদান নিশ্চিতের স্বার্থে উপজেলা পর্যায়ের সমন্বয় সভার মাধ্যমে জন্মনিবন্ধন প্রক্রিয়া আরও সহজীকরণের ব্যবস্থাও গ্রহণ করতে বলা হয়েছে।ভ্যাকসিন ব্যবস্থাপনার নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত এই কর্মসূচিতে ৫ ডোজের ‘মাল্টিডোজ ভায়াল’ ব্যবহার করা হবে এবং টিকার গুণগত মান বজায় রাখতে এটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠোরভাবে সংরক্ষণ ও পরিবহন করতে হবে। ভ্যাকসিনের অপচয় কমাতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে খোলা ভায়াল পরবর্তী সেশনেও ব্যবহার করা যাবে।সর্বোপরি, কোনো শিশুই যেন এই জীবনরক্ষাকারী টিকা থেকে বাদ না পড়ে, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, ধর্মীয় ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে প্রত্যন্ত অঞ্চলে উঠান বৈঠক, মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।