হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৩ মে) অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ১৩ মে পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৩২ জন প্রাণ হারিয়েছে।
গত একদিনে নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৬১৫ জন হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৫৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৮৩২ জন।
বর্তমানে সিলেট ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিশুদের দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।