বাবরের আমন্ত্রণে হাওরাঞ্চলে যাচ্ছেন দুই প্রতিমন্ত্রী
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিশেষ আমন্ত্রণে নেত্রকোনার হাওরাঞ্চল পরিদর্শনে যাচ্ছেন সরকারের দুই প্রতিমন্ত্রী। তারা হলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আগামীকাল শুক্রবার (৩ জুলাই) তারা নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা সফর করবেন। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম প্রতিমন্ত্রীদের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য। অন্যদিকে, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য; তবে তাঁর পূর্বপুরুষের আদি নিবাস নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে।
দুই প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিভিন্ন পথসভা এবং হাওরাঞ্চলের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রীবদ্বয় ও স্থানীয় এমপি প্রথমে মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় একটি পথসভায় অংশ নেবেন এবং সেখানে পোনামাছ অবমুক্ত করবেন। এরপর খালিয়াজুরী উপজেলার বিভিন্ন পয়েন্টে পোনামাছ অবমুক্ত শেষে রেলপথ প্রতিমন্ত্রীর পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জের তেঁতুলিয়া ট্রলার ঘাট এলাকার পথসভায় যোগ দেবেন। সবশেষে মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হবেন।
মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, "আমাদের জনপ্রিয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আমন্ত্রণে দুই প্রতিমন্ত্রী শুক্রবার হাওরাঞ্চলে আসছেন। তাঁদের বরণ করতে হাওড়বাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সফরের মাধ্যমে অত্র অঞ্চলের মৎস্যজীবীদের সুযোগ-সুবিধা ও ভাগ্য উন্নয়ন ঘটবে বলে আমরা আশা করছি।"
তিনি আরও যোগ করেন, "এই সুবর্ণ সুযোগে আমরা হাওড়বাসীর পক্ষ থেকে মোহনগঞ্জ হতে আটপাড়া, মদন ও কেন্দুয়া হয়ে আঠারোবাড়ি পর্যন্ত একটি নতুন রেললাইন স্থাপনের জোর দাবি জানাচ্ছি।"
এআইএল/সকালবেলা
|